রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ISO 27001:2022 Re-Certification অর্জন
সুষ্ঠুভাবে Core Banking System (CBS) পরিচালনা, ক্রমবর্ধমান সাইবার হামলা প্রতিরোধ এবং গ্রাহকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সফলভাবে ISO/IEC 27001:2022 Re-Certification অর্জন করেছে। যুক্তরাজ্যভিত্তিক স্বনামধন্য সার্টিফিকেশন বডি A Cube TIC Limited কর্তৃক রাকাবের অনুকূলে এ সার্টিফিকেশন ইস্যু করা হয়। এ উপলক্ষে ২২ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ০৪:০০ টায় এক আনুষ্ঠানিক certificate handover অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরামর্শক প্রতিষ্ঠান QA PRO Limited-এর MD & CEO জনাব মোঃ জাহাঙ্গীর আলম ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ গোলাম মরতুজা এর নিকট আনুষ্ঠানিকভাবে সনদ হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের মহাব্যবস্থাপক (প্রশাসন) জনাব তাজ উদ্দীন আহম্মদ এবং আইসিটি সিস্টেম বিভাগের সিনিয়র সিস্টেম এনালিস্ট (বিভাগীয় প্রধান) জনাব আবু হানিফ-সহ উক্ত বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এই সনদ অর্জনের মাধ্যমে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একটি শক্তিশালী Information Security Management System (ISMS) প্রতিষ্ঠা করেছে, যা কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য সুরক্ষা এবং নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে পরিচালিত হয়। রাকাব ভবিষ্যতে আন্তর্জাতিক মান বজায় রেখে গ্রাহকদের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।